আগামী ৩ মে থেকে সারা দেশে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি—এমন ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (৫ এপ্রিল) সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কর্মসূচির প্রথম ধাপ হিসেবে আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে। এরপর ৩ মে থেকে দেশের বাকি সব এলাকায় একযোগে এই কার্যক্রম পরিচালিত হবে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম চালু করা হচ্ছে। অতীতের টিকাদানে ঘাটতির কারণেই বর্তমানে হামের প্রকোপ বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ—এমনকি করোনার সময়কার পরিস্থিতির সঙ্গেও তুলনীয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে দ্রুত সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।