• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১১:৫৭ পিএম


মান্নার সাথে বিজয়ের ছবি, সত্যি নাকি এআই? কোথায় দেখা হয়েছিলো মান্না ও থালাপতি বিজয়ের?

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ মে ২০২৬ ১২:১৫ পিএম

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আসলাম তালুকদার মান্না এবং তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া সেই ছবিটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি দিয়ে তৈরি—তা নিয়ে বিভক্ত মত প্রকাশ করছেন নেটিজেনরা।

ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন থালাপতি বিজয়। ছবি প্রকাশের পর থেকেই অনেকে দাবি করতে থাকেন, এটি বাস্তব কোনো মুহূর্তের ছবি নয়; বরং আধুনিক এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে।

তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজনের ভাষ্য ভিন্ন। তাদের দাবি, মান্নার অভিনীত একাধিক সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে সম্পন্ন হতো। বিশেষ করে ২০০৩-০৪ সালের দিকে ‘বাস্তব’, ‘মিনিস্টার’ এবং ‘বীর সৈনিক’ সিনেমার কাজের সূত্রে তিনি চেন্নাইয়ে অবস্থান করেছিলেন।

একই সময় ওই স্টুডিওগুলোতে থালাপতি বিজয়ের সিনেমার কাজও চলছিল বলে জানা গেছে। সে কারণে দুজনের সাক্ষাৎ এবং একসঙ্গে ছবি তোলার সম্ভাবনাকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছেন না সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে মান্নার স্ত্রী শেলী মান্নাও নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। তিনি বলেন, “সেসময় আমি চাকরি করতাম। অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। বিজয় থালাপতির সঙ্গে তার দেখা হতেও পারে। প্রায়ই তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে বা কাজে সে যেত। তবে নিশ্চিত করে বলতে পারছি না।”

অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশের দাবি, ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

তবে ছবি বিশ্লেষণকারী ওয়েবসাইট সাইটইঞ্জিনের তথ্যমতে, ছবিটিতে এআই ব্যবহারের সম্ভাবনা মাত্র ৩ শতাংশ। অর্থাৎ এটি বাস্তব ক্যামেরায় ধারণ করা হওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া জিরোজেপিটির বিশ্লেষণে ছবিটিকে ৫১ শতাংশ মৌলিক হিসেবে উল্লেখ করা হয়েছে। পুরোনো ছবি হওয়ায় এতে আলো কিংবা অন্যান্য সম্পাদনার কাজ থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে সাম্প্রতিক সময়ে রাজনীতিতেও আলোচনায় রয়েছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)-এর সমর্থনে জোটের মোট আসনসংখ্যা দাঁড়ায় ১২০-এ। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। পরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়।

/এসএন