• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম


সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি, আইনি পদক্ষেপ নিলেন বিজয়-রাশমিকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৭ অক্টোবর ২০২৬ ৩:৪৫ পিএম

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা তথ্য প্রচার, বিকৃত স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এই তারকা দম্পতির প্রতিনিধিরা।

সোমবার (২৬ অক্টোবর) ভারতের হায়দরাবাদের সাইবার অপরাধ তদন্ত কর্তৃপক্ষের কাছে অভিযোগটি জমা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সম্প্রতি জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এ অংশ নিয়েছিলেন বিজয় ও রাশমিকা। সেখানে নিজেদের প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন তাঁরা। অনুষ্ঠানে বিজয় জানান, বিয়েতে রাজি করানোর জন্য রাশমিকাকে প্রায় ১০০ বার প্রস্তাব দিতে হয়েছিল তাঁকে। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ার পর অনেকেই এই তারকা দম্পতির সম্পর্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করতে থাকেন। পাশাপাশি তাঁদের পুরোনো সাক্ষাৎকারের ভিডিও সামনে এনে বিজয়ের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ।

এমন পরিস্থিতিতে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে আট পৃষ্ঠার একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেন রাশমিকা। সেখানে তিনি বলেন, সমালোচনা করা কিংবা ভিন্নমত প্রকাশ করার অধিকার সবার রয়েছে। তবে সাম্প্রতিক ঘটনাগুলো সাধারণ মতামত প্রকাশের সীমা অতিক্রম করে ব্যক্তিগত আক্রমণে রূপ নিয়েছে।

বিজয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে রাশমিকা জানান, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে দুজনেরই নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন ছিল। বিজয় এ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় চেয়েছিলেন। তবে এর অর্থ এই নয় যে তাঁদের ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি ছিল।

নিজের দাম্পত্য জীবন নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের সমালোচনা করতে গিয়ে পরিবারের সদস্যদের আক্রমণের লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছেন তিনি।

অন্যদিকে, সমালোচনার জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকার সঙ্গে একটি ছবি ও ভিডিও প্রকাশ করেন বিজয় দেবরাকোন্ডা। সেখানে স্ত্রীকে নিজের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি জানান, তাঁরা দুজনই তাঁদের দাম্পত্য জীবনে সুখী।

এদিকে তারকা দম্পতির প্রতিনিধিদলের জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়ে মনগড়া বক্তব্য প্রচার, বিকৃত স্ক্রিনশেয়ার ছড়িয়ে দেওয়া, ভুয়া পরিচয়ে প্রচারণা চালানো এবং উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির ঘটনা ঘটছে। এসব কর্মকাণ্ডের পেছনে কোনো সংঘবদ্ধ গোষ্ঠী কিংবা অর্থের বিনিময়ে পরিচালিত প্রচারণা রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখার অনুরোধ জানানো হয়েছে।

প্রতিনিধিদলের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা মতপ্রকাশের স্বাধীনতা ও সমালোচনার অধিকারকে সম্মান করেন। তবে মতামত প্রকাশের সঙ্গে বানানো বা বিকৃত তথ্যকে সত্য হিসেবে উপস্থাপন করার স্পষ্ট পার্থক্য রয়েছে।

অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অনলাইন পোস্টের লিংক ও অন্যান্য তথ্যপ্রমাণও জমা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তারকা দম্পতির প্রতিনিধিরা।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি পর্যালোচনা করা হচ্ছে। সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা নথিভুক্ত হয়নি।

উল্লেখ্য, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ভারতের উদয়পুরে বিয়ে করেন বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।

/এসএন