• ঢাকা
  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম


জাঁকজমক ছেড়ে শিউলি ফুলের স্নিগ্ধতায় পরীমণির জন্মদিন উদযাপন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ অক্টোবর ২০২৬ ২:৩৫ পিএম

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন মানেই একসময় ছিল চোখধাঁধানো আয়োজন, জমকালো থিম আর তারকাদের উপস্থিতিতে বর্ণাঢ্য উদযাপন। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই পরিচিত চিত্র। এবার কোনো জাঁকজমক কিংবা আড়ম্বরের পথে না হেঁটে শরতের সাদা শিউলি ফুলের স্নিগ্ধতায় নিজের বিশেষ দিনটি উদযাপন করেছেন এই অভিনেত্রী। জন্মদিনের আয়োজনের নাম দিয়েছেন ‘শিউলি সন্ধ্যা’।

শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমণির জন্মদিন। এবারের আয়োজনের কেন্দ্রীয় ভাবনা ছিল শরতের শিউলি ফুল। ফুলটির কোমলতা ও প্রকৃতির অনন্য সৌন্দর্যকে ঘিরেই সাজানো হয়েছিল পুরো অনুষ্ঠান। শুধু আয়োজনের সাজসজ্জাতেই নয়, নিজের জন্মদিনের পোশাকেও শিউলি ফুলের আবহ তুলে ধরেছেন পরীমণি।

অভিনেত্রী জানান, অক্টোবর মাস এলেই তাঁর মনে প্রথমে শিউলি ফুলের কথা আসে। এই ফুলের প্রতি বিশেষ ভালো লাগা থেকেই জন্মদিনের আয়োজনের পরিবেশ তৈরিতে শিউলিকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তবে অল্প সময়ের মধ্যেই মলিন হয়ে যাওয়া শিউলি ফুল দিয়ে পুরো আয়োজন সাজানো সহজ ছিল না। এ প্রসঙ্গে পরীমণি বলেন, শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব পরিকল্পনা সাজিয়েছেন তিনি। এমনকি ফেসবুকে স্ট্যাটাস দিয়েও অনেকগুলো শিউলি ফুল এনে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি তাজা রাখা সম্ভব নয় বলে জানান তিনি।

শিউলি ফুল সংগ্রহের অভিজ্ঞতা জানাতে গিয়ে পরীমণি বলেন, তাঁর এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছিলেন। কিন্তু ফুলগুলো দ্রুত মলিন হয়ে যাওয়ায় সেগুলো দিয়ে পুরো অনুষ্ঠানস্থল সাজানো সম্ভব হয়নি। পরে সংগৃহীত ফুলগুলো অনুষ্ঠানস্থলের সিঁড়িতে বিছিয়ে রাখা হয়।

নিজের ইচ্ছার কথা তুলে ধরে পরীমণি বলেন, পুরো জায়গাটিকে শিউলি ফুলের বাগানে পরিণত করার খুব ইচ্ছে ছিল তাঁর। কিন্তু বাস্তবতার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তাই নিজেই শিউলি ফুলের মতো করে সেজেছেন বলে জানান এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর থেকেই পরীমণির জীবনযাপন ও জন্মদিন উদযাপনে পরিবর্তন দেখা যায়। আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে এখন নিজের কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

এবার জন্মদিনের প্রথম প্রহরও দুই সন্তান পুণ্য ও প্রিয়মের স্নেহ-ভালোবাসায় কাটিয়েছেন পরীমণি। আড়ম্বরহীন এই বিশেষ দিনে ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছা পেয়েছেন তিনি। সন্তানদের ভালোবাসা আর আপনজনদের শুভকামনাকে সঙ্গী করে জীবনের আরেকটি নতুন বসন্তকে স্বাগত জানিয়েছেন এই চিত্রনায়িকা।

/এসএন