নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য সম্পর্ক নিয়ে সম্প্রতি শোবিজ অঙ্গনে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের আলাদা থাকা এবং সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ফারুকী। এসব খবরকে ভিত্তিহীন দাবি করে তিনি জানিয়েছেন, এ নিয়ে তিনি কিংবা তিশা কেউই কোনো মন্তব্য করতে চান না।
ফারুকী বলেন, তাঁকে নিয়ে নানা ধরনের অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকেই। বর্তমানে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, মিথ্যা সংবাদ প্রকাশ করলেই কোনো ঘটনা সত্য হয়ে যায় না। এসব বিষয়ে কথা বললে বরং এমন প্রচার আরও উৎসাহ পাবে। তাই এ নিয়ে তিনি বা তিশা কেউই মন্তব্য করতে আগ্রহী নন। এর পরিবর্তে নিজেদের নতুন কাজ নিয়ে আলোচনা করার আহ্বান জানান এই নির্মাতা।
ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনার মধ্যেই নিজের সাম্প্রতিক কাজ এবং আগামী দিনের পরিকল্পনার কথাও জানিয়েছেন ফারুকী। তিনি জানান, গত ১০ অক্টোবর বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ায় গিয়েছিলেন। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন তিনি। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছিলেন। এরপর ১৭ অক্টোবর দেশে ফিরে আবারও নতুন বিজ্ঞাপনচিত্র নির্মাণের কাজে যুক্ত হন।
ফারুকী আরও জানান, একটি সিনেমার গল্প লেখার কাজ ইতিমধ্যে শেষ করেছেন তিনি। বর্তমানে আরেকটি নতুন সিনেমার গল্প নিয়ে কাজ করছেন। সব মিলিয়ে নতুন চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রের কাজে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা।
বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মাণের দায়িত্ব রয়েছে তাঁর হাতে। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবা খাতের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন এবং বাকি দুটি নির্মাণসামগ্রী প্রতিষ্ঠানের বিজ্ঞাপন। একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। বিজ্ঞাপনটির দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়।
অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জনের মধ্যেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী তিশা। সম্প্রতি তিনি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির নামে খোলা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক।
স্ত্রী তিশার কাজের প্রসঙ্গেও কথা বলেছেন ফারুকী। তিনি জানান, একটি নতুন আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে তিশার সঙ্গে আলোচনা চলছে। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করতে চান না তিনি। সবকিছু চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে বলে জানান এই নির্মাতা।
কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয় হয়েছিল। পরবর্তী সময়ে তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, যা একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তাঁরা। ২০২২ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।
/এসএন