মঞ্চে সংগীত পরিবেশনের সময় ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কলম্বিয়ার র্যাপার চেলো হপ। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তাঁর এমন প্রতিবাদী আচরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর এই পদক্ষেপের প্রশংসা করছেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাইছিলেন চেলো হপ। এ সময় এক দর্শক মঞ্চে উঠে তাঁর দিকে ইসরায়েলের পতাকা এগিয়ে দেন। পতাকাটি হাতে নেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এই গায়িকা। তিনি পতাকাটি মাটিতে ফেলে পা দিয়ে মাড়ান। পরে লাথি মেরে সেটি সরিয়ে দেন।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই জানতে চান, কে এই গায়িকা এবং কোথায় ঘটেছে ঘটনাটি। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চেলো হপ কলম্বিয়ার একজন র্যাপার। গত ২৪ অক্টোবর দেশটির রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে অনুষ্ঠিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে সংগীত পরিবেশনের সময় এ ঘটনা ঘটে।অনুষ্ঠানে চেলো হপ ‘পালেস্তিনা লিব্রে’ স্লোগানও দেন। স্প্যানিশ ভাষার এই স্লোগানের অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’। গাজায় ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের প্রতিবাদ হিসেবে তাঁর এই আচরণকে দেখছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী। এ কারণে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গায়িকার প্রতি সমর্থন জানিয়েছেন অনেকে।চেলো হপ কেবল সংগীত পরিবেশনেই সীমাবদ্ধ নন; তাঁর গানে রাজনৈতিক বক্তব্য, সামাজিক আন্দোলন এবং প্রতিরোধের বিষয়ও উঠে আসে। উৎসবে তিনি ‘অ্যানাতোমিয়া’ শিরোনামের একটি গানও পরিবেশন করেন।এদিকে, ঘটনাটিকে ঘিরে কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নিন্দা জানিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: রয়্যা নিউজ ও ফ্রি প্রেস।
/বিএসএস