ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি প্রায়ই বিভিন্ন কারণে সংবাদমাধ্যমের শিরোনামে আসেন। তবে এবার কোনো সিনেমা বা অভিনয়কে কেন্দ্র করে নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে তৈরি একটি বিকৃত ও ভুয়া ভিডিও নিয়ে আলোচনায় এসেছেন তিনি। সাইবার অপরাধীদের এমন কর্মকাণ্ডের কারণে সম্প্রতি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে এই অভিনেত্রীকে।
কিছুদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ হ্যাক করে পরীমনির ওই ভুয়া এআই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানী ঢাকায় একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে বারবার বিতর্ক ও নানা ঝামেলার মুখে পড়ার বিষয়ে জানতে চাইলে হাসিমুখে নিজের প্রতিক্রিয়া জানান তিনি।
পরীমনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে আর ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। এখন বিষয়গুলো আমার ভালোই লাগে, এনজয় করি।’
এর আগে একটি ফেসবুক লাইভে এসে এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন পরীমনি। তাঁর সেই সাহসী ভূমিকার প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকে। বিষয়টি নিয়ে নিজের অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও বেশি সাহস পাই। তখন মনে হয়, আমি সঠিক পথেই আছি।’
এআই প্রযুক্তি ব্যবহার করে নারীদের ডিজিটাল হয়রানির ঘটনা সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন পরীমনি। তাঁর মতে, এ ধরনের ঘটনা শুধু পরিচিত বা জনপ্রিয় ব্যক্তিদের জন্য নয়, সাধারণ নারীদের জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তাই নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘বিষয়টা অনেক বেশি সেনসিটিভ। আমার মতো মানুষের এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো আমি বিষয়টি পাত্তাই দিইনি। কিন্তু যখন দেখলাম এটা আর এড়িয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তখন কথা বলতে বাধ্য হয়েছি।’
সাধারণ কোনো মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটলে তার ওপর ভয়াবহ মানসিক চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এটি যদি কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হতো, তবে হয়তো অনেকে মানসিক চাপে আত্মহত্যাও করে ফেলত—এমন খবর আমরা প্রায়ই দেখি। তাই এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া অত্যন্ত জরুরি।’
/এসএন