• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম


যশোরে বাড়ির সামনে হামলার শিকার অভিনেতা সমু চৌধুরী, মাথায় লাগলো চার সেলাই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ১০:০৩ পিএম

যশোরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরী (৬০)। এ ঘটনায় তাঁর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে মাথায় চারটি সেলাই দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোর শহরের বেজপাড়া নলডাঙ্গা রোডের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিনেতা সমু চৌধুরী জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি মোটরসাইকেল গ্যারেজের মেকানিক জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের মালিক হৃদয় ও মেকানিক জাহাঙ্গীর ইট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ করেন তিনি। এতে তাঁর মাথা ফেটে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন গ্যারেজের মালিক হৃদয়। তাঁর দাবি, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে মা-বোন তুলে গালিগালাজ করার কারণে হামলা করা হয়েছে বলে মুঠোফোনে মেকানিক জাহাঙ্গীর তাঁকে জানিয়েছেন।

এদিকে, অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/এসএন