হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী প্রতি বছর পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের তারিখে পরিবর্তন আসে। ইসলামী বর্ষপঞ্জি গ্রেগরিয়ান বা খ্রিষ্টীয় ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১১ দিন ছোট। হিজরি বছর সাধারণত ৩৫৪ দিনের হওয়ায় প্রতিবছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে রমজান মাসের আগমন প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে।
এই হিসাবের ভিত্তিতে ২০২৭ সালে পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতরের চাঁদ কখন দেখা যেতে পারে, তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য আকাশ পর্যবেক্ষণ করা হবে। ওই সন্ধ্যায় চাঁদ দেখা গেলে সেদিন রাতেই মুসলমানরা বছরের প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন। সে ক্ষেত্রে পরদিন ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রমজানের প্রথম রোজা শুরু হতে পারে।
তবে ভৌগোলিক অবস্থান এবং চাঁদ দেখার সময়ের পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর রোজা শুরু হয়ে থাকে। সেই হিসাবে, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় বাংলাদেশে রমজানের চাঁদ দেখার জন্য আকাশ পর্যবেক্ষণ করা হতে পারে।
ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে সেদিন রাতেই মুসলমানরা পবিত্র রমজানের প্রথম তারাবিহ নামাজ আদায় করবেন। এরপর ৯ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হতে পারে প্রথম রোজা।
তবে রমজান শুরুর এসব তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ফলে চূড়ান্তভাবে রোজা শুরুর দিন নির্ধারিত হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাঁদ দেখার ঘোষণা অনুযায়ী।
/এসএন