• ঢাকা
  • মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম


বিএনপি নেতার বিধবা স্ত্রীর পাশে জামায়াত, উপহার দিল সেলাই মেশিন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ অক্টোবর ২০২৬ ১০:০২ পিএম

স্বামীকে হারিয়ে তিন মেয়েকে নিয়ে সংসার চালানোর কঠিন পরিস্থিতির মুখে পড়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ঝুমা আক্তার। তাঁর পরিবারের পাশে দাঁড়াতে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। ঝুমা আক্তারের স্বামী সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর জামষাইট গ্রামে সাইফুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে সেলাই মেশিনটি তুলে দেন জামায়াতের স্থানীয় নেতারা। পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা এবং ঝুমা আক্তারের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে জানা গেছে।

সেলাই মেশিন হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বনগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মাওলানা আবু ইছা, ইউনিয়ন প্রচার সেক্রেটারি হাফিজুর রহমান, ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা মো. ইদ্রিস আলী, পেশাজীবী ইউনিয়নের সভাপতি মো. কামাল উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক চেরাগ আলী ও মো. মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সাইফুল ইসলামের মৃত্যুর পর তাঁর পরিবারের আর্থিক অনিশ্চয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে জামায়াতে ইসলামী এই সহযোগিতার উদ্যোগ নেয়। সেলাই মেশিনটি কাজে লাগিয়ে ঝুমা আক্তার যেন নিজের জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে পারেন, সেই লক্ষ্যেই তাঁকে এটি উপহার দেওয়া হয়েছে। এ সময় সাইফুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন ঝুমা আক্তার। নিজের ও পরিবারের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘আমার স্বামী বিএনপির ওয়ার্ড সভাপতি ছিলেন। আমরা বিএনপির রাজনৈতিক পরিবারের হলেও জামায়াতে ইসলামী দল-মতের ঊর্ধ্বে উঠে আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে। আমার তিনটি মেয়ে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এমন সহযোগিতা আমার পরিবারের জন্য অনেক বড় প্রাপ্তি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো দলীয় ভেদাভেদ থাকা উচিত নয়। জামায়াতে ইসলামীর এই মানবিক উদ্যোগের জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

/এসএন