ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর গুজব, জানালেন ঘনিষ্ঠজনসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা, প্রযোজক ও পরিচালক মারা গেছেন—এমন দাবি করে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে।তবে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। তিনি জানিয়েছেন, ইলিয়াস কাঞ্চন ভালো আছেন এবং তার মৃত্যুর খবরের কোনো সত্যতা নেই।লিটন এরশাদ বলেন, ‘ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। ভুল তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।’এর আগেও বিভিন্ন সময়ে ইলিয়াস কাঞ্চনের পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার মৃত্যুর খবরকে ভিত্তিহীন বলে জানানো হয়েছিল।ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন। ১৫ মাসেরও বেশি সময় চিকিৎসা নেওয়ার পর গত ৩ আগস্ট দেশে ফেরেন তিনি। পরিবার ও ঘনিষ্ঠজনদের সঙ্গে সময় কাটাতেই দেশে ফিরেছিলেন বরেণ্য এই অভিনেতা।দেশে ফেরার পর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দেখা করেন চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী আলমগীর, মিশা সওদাগর, শবনম, আনোয়ারা, সুচন্দা, রোজিনা ও চম্পাসহ আরও অনেকে।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর খবরকে গুজব বলে উল্লেখ করে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজনরা। ফলে তার মৃত্যুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে মনে করা হচ্ছে।
/বিএসএস