নতুন মৌসুমকে সামনে রেখে আক্রমণভাগ আরও শক্তিশালী করার পরিকল্পনায় নেমেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রধান লক্ষ্য এখন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অ্যাতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকারকে দলে আনতে আগের প্রস্তাবের চেয়ে আরও বেশি অর্থ ব্যয়ের কথা ভাবছে স্প্যানিশ জায়ান্টরা।
দীর্ঘ এক বছর ধরে আলভারেজের সম্ভাব্য দলবদল নিয়ে নানা গুঞ্জন চললেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, চলতি সপ্তাহেই আলভারেজের এজেন্টরা বার্সেলোনায় এসে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। ওই বৈঠকে সম্ভাব্য দলবদলের পথ খোঁজার চেষ্টা করা হবে।
এর আগে বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে প্রায় ১০০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাব দিয়েছিল। তবে আলোচনায় গতি আনতে এবার সেই প্রস্তাব বাড়িয়ে ১১৫ মিলিয়ন ইউরো পর্যন্ত করার পরিকল্পনা করছে ক্লাবটি।
যদিও প্রকাশ্যে বার্সেলোনা দাবি করেছে, এই মুহূর্তে প্রস্তাবের অঙ্ক বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাতলেতিকো মাদ্রিদ যদি আলোচনায় বসতে রাজি হয়, তবেই নতুন প্রস্তাব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
অন্যদিকে এখন পর্যন্ত অ্যাতলেতিকো মাদ্রিদ আলোচনায় আগ্রহ দেখায়নি। স্প্যানিশ ক্লাবটির অবস্থান এখনও কঠোর। আলভারেজকে দলে নিতে আগ্রহী যে কোনো ক্লাবকে তারা শুধু তার ৫০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজের কথাই মনে করিয়ে দিচ্ছে।
অ্যাতলেতিকো মাদ্রিদের এই অনড় অবস্থানের কারণেই বার্সেলোনার পরিকল্পনা বারবার বাধার মুখে পড়ছে। এরপরও আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতালান ক্লাবটি।
/এসএন