হলি ক্রসের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, বিবাহিতদের ভর্তিতে নিষেধাজ্ঞা
রাজধানীর খ্যাতনামা হলি ক্রস কলেজের একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার পর ফল প্রকাশ করা হয়। কলেজের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে ফলাফল পাওয়া যাচ্ছে।প্রকাশিত ফলাফলে নির্বাচিত শিক্ষার্থীদের মঙ্গলবার বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার মধ্যে অনলাইনে বিকাশের মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি ফি জমা না দিলে ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে।আসন সংখ্যাহলি ক্রস কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে ৭৮০টি, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০টি এবং মানবিক বিভাগে ২৯০টি আসন রয়েছে। তিন বিভাগ মিলিয়ে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার সুযোগ পাবে।ভর্তি সংক্রান্ত পরবর্তী সব তথ্য কলেজের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে।বিবাহিতদের ভর্তি নয়একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে জিপিএ ও অন্যান্য একাডেমিক যোগ্যতার পাশাপাশি বেশ কিছু বিশেষ শর্ত দিয়েছে হলি ক্রস কলেজ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিবাহিত ছাত্রীদের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করার প্রয়োজন নেই।এ ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষ চলাকালে কোনো শিক্ষার্থী বিয়ে করলে তাকে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) দেওয়া হবে।কলেজের নিয়ম অনুযায়ী নিয়মিত ক্লাস ও ব্যবহারিক ক্লাসে উপস্থিতি, নির্ধারিত ইউনিফর্ম পরিধান, শরীরচর্চা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ বাধ্যতামূলক। পাশাপাশি কলেজে মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এসব নিয়ম মানতে আপত্তি থাকলে আবেদন না করার জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।অন্য কলেজে ভর্তি নিশ্চিত করা যাবে নাহলি ক্রস কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অন্য কোনো কলেজে ভর্তি নিশ্চিত না করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য কোনো কলেজে ভর্তি নিশ্চিত করলে পরবর্তীতে হলি ক্রস কলেজে রেজিস্ট্রেশন করা যাবে না।এ বিষয়ে কোনো জটিলতা দেখা দিলে শিক্ষার্থীকে নিজ দায়িত্বে তা সমাধান করতে হবে। এ ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না।ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।
/বিএসএস