ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় রাখা পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ছিঁড়ে ফেলেছেন আবু তৈয়ব হাবিলদার। সর্বশেষ ডাকসু নির্বাচনে বয়োজ্যেষ্ঠ ভিপি প্রার্থী হিসেবে আলোচনায় আসা আবু তৈয়ব সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর সংগ্রহশালায় গিয়ে ছবিটি ছিঁড়ে ফেলেন।
আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে তিনি সবচেয়ে বয়স্ক প্রার্থী হিসেবে পরিচিত ছিলেন।
ছবি ছেঁড়ার বিষয়ে সাংবাদিকদের আবু তৈয়ব বলেন, ‘যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’
ডাকসুর নির্বাচনী ইশতেহারে জিন্নাহকে নায়ক হিসেবে প্রতিষ্ঠার কোনো কথা ছিল কি না—এমন প্রসঙ্গে তিনি বলেন, একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহসহ বিতর্কিত ব্যক্তিদের প্রতিষ্ঠার চেষ্টা করছে শিবির।
আবু তৈয়ব বলেন, ‘এই ডাকসুতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই বাংলাদেশে জিন্নাহর মতো কোনো ভিলেন, গোলাম আজম-নিজামীর মতো কোনো ভিলেন আমাদের নায়ক হতে পারে না, নায়ক হতে দেব না।’
এর আগে ডাকসুর সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আলোচিত ছবিটি যুক্ত করা হয়। সেখানে ছবিটি স্থাপনের পর থেকেই বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছিল।
এর মধ্যেই সোমবার ডাকসুর সংগ্রহশালায় রাখা জিন্নাহর ছবিটি ছিঁড়ে ফেলার ঘটনা ঘটল।
এদিকে ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি দ্রুত ডাকসুর সংগ্রহশালা থেকে ওই ছবি অপসারণের দাবি জানিয়েছে।
/এসএন