বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) লোডশেডিংয়ের শিডিউল ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টিতে প্রতিদিন মোট দুই ঘণ্টা সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন মোট দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘোষিত শিডিউল অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এরপর বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আরও এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
প্রকৌশল অফিসের অফিস প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
/এসএন