• ঢাকা
  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২৫ এএম


জবি ছাত্রদল নেতা জয়কে বহি/ষ্কারের দাবিতে সহপাঠীদের তিন দফা কর্মসূচি

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৩:৫২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থী জয় সাহাকে বহিষ্কারের দাবিসহ তিন দফা দাবি জানিয়েছেন তার সহপাঠীরা। একই সঙ্গে দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (৮ আগস্ট) পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের শিক্ষার্থীদের স্বাক্ষর করা এক বিবৃতিতে এসব দাবি ও কর্মসূচির কথা জানানো হয়।

বিবৃতিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৪ আগস্ট ক্যাম্পাসে সংঘর্ষ ও বিশৃঙ্খল পরিস্থিতির সময় জয় সাহা সহপাঠীদের ওপর হামলা চালিয়েছেন। এতে কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হয়েছেন বলেও দাবি করেন তারা। ওই ঘটনার পর নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জয় সাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ১৮তম আবর্তনের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের প্রথম দাবিতে জয় সাহাকে ছাত্রদল এবং ‘বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু ফোরাম’ থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক কিংবা প্রাতিষ্ঠানিক সম্পর্ক না রাখার দাবি জানিয়েছেন তারা। ভবিষ্যতে কেউ জয় সাহাকে সহযোগিতা বা প্রশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। পাশাপাশি জয় সাহাকে বিশ্ববিদ্যালয় থেকেও স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

দ্বিতীয় দাবিতে জয় সাহাকে পদার্থবিজ্ঞান বিভাগের ১৮তম আবর্তনের ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে তাকে ১৮তম আবর্তন থেকেও বহিষ্কারের দাবি তুলেছেন তার সহপাঠীরা।

তৃতীয় দাবিতে বলা হয়েছে, ভবিষ্যতে জয় সাহার বিরুদ্ধে হামলা, হুমকি অথবা ছাত্রী হয়রানির অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিবৃতিতে ১৮তম আবর্তনের শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানান, তাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আবর্তনের কোনো শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষায় অংশ নেবেন না।

উল্লেখ্য, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ইনকিলাব মঞ্চের’ প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৭০ জন আহত হন।

ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীদের অভিযোগ, ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছেন। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের ওপরও হামলার অভিযোগ ওঠে।

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দাবি, শিবির শিক্ষার্থীদের দাবিকে কেন্দ্র করে মব করার চেষ্টা করেছিল। সাধারণ শিক্ষার্থীরাই তাদের প্রতিহত করেছেন বলে দাবি করেছে সংগঠনটি।

/এসএন