• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ এএম


জবির আহত শিক্ষার্থীদের হাসপাতালে দেখতে গেলেন ডা. শফিকুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ আগস্ট ২০২৬ ৯:১৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (৫ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীদের খোঁজখবর নেন। এ সময় তিনি তাদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

হাসপাতাল পরিদর্শনের সময় ডা. শফিকুর রহমান চিকিৎসাধীন শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ ও বাংলা কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

তার দাবি, এসব ঘটনায় ছাত্রশিবিরের বহু নেতাকর্মী আহত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিএসসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। হামলার ধরনকে তিনি ‘ফ্যাসিবাদী কায়দার’ সঙ্গে তুলনা করে বলেন, আহতদের হাসপাতালে গিয়েও হামলার শিকার হতে হয়েছে।

জামায়াত আমির আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে যদি ভুক্তভোগীদের হয়রানি করা হয়, তাহলে জনগণের কাছে ভুল বার্তা যাবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা বন্ধ, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে শিক্ষার্থীরা কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। এ সময় প্রক্টরিয়াল টিম ও শাখা ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা পরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। সংঘর্ষে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নূর মোহাম্মদসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

/এসএন