নিজের ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের পর জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি এ দুঃখ প্রকাশ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।’
মন্ত্রীর এ বক্তব্যের পর সংসদে উপস্থিত সদস্যরা টেবিল চাপড়ে তার দুঃখ প্রকাশকে স্বাগত জানান।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য রুমিন ফারহানা শিক্ষামন্ত্রীর কাছে জানতে চান, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলেও কেন এইচএসসি ও সমমানের পরীক্ষা এক বা দুই দিন পিছিয়ে দেওয়া হয়নি।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী পরীক্ষা স্থগিতের দাবি জানিয়েছিল। এমন পরিস্থিতিতে পরীক্ষা পেছাতে কী ধরনের সমস্যা ছিল, সেটিও জানতে চান তিনি।
/এএসএফ