চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাজধানীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ অবরোধ করে বিক্ষোভ করেছেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ মোট ৮ দফা দাবি উত্থাপন করেন। একই সঙ্গে প্রশাসনকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে দিনব্যাপী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন।
শিক্ষার্থীদের ভাষ্য, তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করা নয়। তবে প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে সৃষ্ট সংকটের কারণে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষার্থী-বান্ধব ও মানবিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তারা।
শিক্ষার্থীদের ঘোষিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে— প্রশ্নপত্র ও পরীক্ষা পদ্ধতির ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা; এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা বন্ধ; দেশব্যাপী অনুকূল পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত; পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির জন্য সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া; প্রশ্নপত্রের ত্রুটির কারণে বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ১৪ নম্বর ক্ষতিপূরণ হিসেবে প্রদান; শিক্ষাব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করা; গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন; এবং শিক্ষা ব্যবস্থা সংস্কারে সরকারের সর্বোচ্চ গুরুত্ব প্রদান।
শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।
/এসএন