দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তারা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের কণ্ঠে শোনা যায়, ‘এক দফা এক দাবি, মিলনের পদত্যাগ’ এবং ‘আমি কে, তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’।
এদিকে একই দিনে রাজধানীর শাহবাগ, উত্তরা ও মিরপুর এলাকাতেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন পরীক্ষার্থীরা।
পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব স্থানে কোনো কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া যায়নি।
/এসএন