চলমান এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে কোনো ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ত্রুটি সংক্রান্ত অভিযোগ পর্যালোচনায় সত্য প্রমাণিত হলে প্রচলিত মূল্যায়ন নীতিমালা অনুসরণ করে পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দুটি প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান করা হবে।
সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে, সে সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ড অবগত রয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা শুরু করেছে বোর্ড কর্তৃপক্ষ।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আরও জানিয়েছে, পর্যালোচনার মাধ্যমে যদি সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ত্রুটি বা অসঙ্গতি নিশ্চিত হয়, তাহলে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ পুরোপুরি রক্ষা করা হবে। শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে বিতর্কিত ওই দুটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।
এদিকে, এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে না দিতে এবং সেসব তথ্য নিয়ে উদ্বিগ্ন না হতে পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
/এসএন