চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় সদ্য সাবেক হওয়া উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ক্যাম্পাসে মিছিল করেন তারা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শিক্ষার্থীদের মিছিল শুরু হয়। এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদেই শিক্ষার্থীরা বিক্ষোভে নামেন।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল—‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’। শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দ্রুত উপাচার্যের পদে পুনর্বহাল করতে হবে।
বিক্ষোভ মিছিলে ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল রাত ৮টার দিকে বন্ধ হয়ে গেলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে রাত ১১টার দিকে অনেক ছাত্রী হল থেকে বেরিয়ে এসে মিছিলে যোগ দেন। পরে তারা অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্লোগান দেন।
শিক্ষার্থীদের মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল এবং শিক্ষক আবাসিক এলাকা প্রদক্ষিণ করে। পরে রাত ১২টার দিকে মিছিলটি আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে যান। সেখানে তারা ভবনটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।
/এসএন