বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থগিতাদেশ চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি—এই পাঁচ জেলার পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
শুধু এইচএসসি নয়, বৈরী আবহাওয়ার কারণে একই জেলাগুলোর মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষাও শনিবার স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক পৃথক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো ছাড়া অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন অন্য জেলার নির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে।
গত ৫ জুলাই থেকে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর মধ্যে ৭ জুলাই জেলায় গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ৫ জুলাই থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
টানা বর্ষণের কারণে চট্টগ্রামসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা প্লাবিত হয়েছে। একই সঙ্গে পাহাড়ধসের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে।
এর আগে একই কারণে গত ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করেছিল চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
/এসএন