• ঢাকা
  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ এএম


বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের সব জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত ঘোষণা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৮ জুলাই ২০২৬ ১২:৩৫ পিএম

টানা ভারী বৃষ্টিপাত ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষাগুলো আপাতত অনুষ্ঠিত হচ্ছে না।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের (ডিসি) পাঠানো প্রতিবেদন পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি পরীক্ষা। একই সঙ্গে ওই এলাকাগুলোতে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা-২০২৬-ও স্থগিত করা হয়েছে।

তবে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো আগের সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। একইভাবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচ জেলা ছাড়া দেশের অন্যান্য জেলার মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

জরুরি বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত ধাপে ধাপে চূড়ান্ত করা হয়। প্রথমে মঙ্গলবার রাত ১০টার দিকে শুধু চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় রাত ১২টার দিকে কক্সবাজার জেলাকেও ওই সিদ্ধান্তের আওতায় আনা হয়। সবশেষে রাত ১টা ১৫ মিনিটে প্রকাশিত জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলার সব পরীক্ষাই স্থগিত করার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।

/এসএন