২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিকল্পনার কথা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করা, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং নগর পরিবহন ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে সরকার সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি জানান, নিরাপদ, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করে তোলার পরিকল্পনা রয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, মহাসড়ক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোরগুলোকে চার লেনে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সমন্বিত যোগাযোগ কাঠামো গড়ে তুলে একটি মাল্টিমোডাল হাব প্রতিষ্ঠার কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে ৯৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ‘সেফটি সিস্টেম অ্যাপ্রোচ’ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।
সরকারের এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
/এসএন