• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১০:০৫ এএম


জুলাই শহীদ পরিবারকে আজীবন ২০ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১১ জুন ২০২৬ ৮:০২ পিএম

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য প্রথমবারের মতো মাসিক সম্মানী ভাতা চালুর প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে বিশেষ করসুবিধা দেওয়ার ঘোষণাও এসেছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সংক্রান্ত প্রস্তাব তুলে ধরেন।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। সেই লক্ষ্যের অংশ হিসেবে আন্দোলনে অবদান রাখা ব্যক্তি ও তাদের পরিবারের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারকে মাসিক ২০ হাজার টাকা করে সম্মানী ভাতা দেওয়া হবে। একই পরিমাণ ভাতা পাবেন ‘এ’ ক্যাটাগরিভুক্ত গুরুতর আহত জুলাই যোদ্ধারাও।

এ ছাড়া ‘বি’ ক্যাটাগরির আহত যোদ্ধাদের জন্য মাসিক ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহতদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতার প্রস্তাব করা হয়েছে।

আর্থিক সহায়তার পাশাপাশি গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ করসুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। সাধারণ করদাতাদের তুলনায় তাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এটিকে জুলাই যোদ্ধাদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা।

এর ফলে বাজেট ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করেছে সরকার।

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেটটি উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছর কার্যকর হবে।

/এসএন