• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম


তিন মাসে ইসলামী ব্যাংকের লোকসান প্রায় ২৮৮ কোটি টাকা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ মে ২০২৬ ৪:৩৪ পিএম

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বড় ধরনের লোকসানের মুখে পড়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। তিন মাসে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮৮ কোটি টাকা।

বুধবার (১৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রকাশিত ব্যাংকটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা যায়, গত বছরের একই সময়ে ব্যাংকটি মুনাফায় থাকলেও এবার লোকসানে পড়েছে। একই সঙ্গে কমেছে শেয়ারপ্রতি আয় বা ইপিএস।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১ টাকা ৭৯ পয়সা। অথচ ২০২৫ সালের একই সময়ে শেয়ারপ্রতি ১৮ পয়সা মুনাফা হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে ব্যাংকটির ইপিএস কমেছে ১ টাকা ৯৭ পয়সা।

ব্যাংকটির পক্ষ থেকে বলা হয়েছে, আমানতের বিপরীতে মুনাফা ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি খেলাপি ঋণের পরিমাণও বেড়েছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠানে বিনিয়োগ করেও প্রত্যাশিত মুনাফা অর্জন করা সম্ভব হয়নি। এসব কারণেই চলতি বছরের প্রথম প্রান্তিকে বড় অঙ্কের লোকসান হয়েছে।

বর্তমানে পুঁজিবাজারে ইসলামী ব্যাংকের মোট শেয়ার সংখ্যা রয়েছে ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮টি। এই হিসাবে প্রথম প্রান্তিকে ব্যাংকটির মোট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৮৮ কোটি ১৮ লাখ টাকা।

তবে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহে (এনওসিএফপিএস) উন্নতির তথ্য জানিয়েছে ব্যাংকটি। গত বছরের প্রথম প্রান্তিকে যেখানে শেয়ারপ্রতি ১৬ টাকা ১৬ পয়সা নগদ ঘাটতি ছিল, সেখানে এবার তা ইতিবাচক হয়ে দাঁড়িয়েছে ১ টাকা ৩৫ পয়সায়। ব্যাংকটির দাবি, নতুন ঋণ বিতরণ কমে যাওয়ায় নগদ প্রবাহে এ উন্নতি এসেছে।

লোকসানের প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও (এনএভি)। ২০২৫ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৪৪ টাকা ৩১ পয়সা। এক বছর পর ২০২৬ সালের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৪২ টাকা ৫৬ পয়সায়।

এদিকে ব্যাংকটি তাদের ৪৩তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে। আগামী ২৫ জুনের পরিবর্তে ২৮ জুন সকাল ১০টায় ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে এ সভা অনুষ্ঠিত হবে।

লোকসানের তথ্য প্রকাশিত হলেও শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারদরে তেমন কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। বুধবার দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ টাকা ৬০ পয়সায়, যা আগের দিনের সমান। বর্তমানে ব্যাংকটির বাজার মূলধন রয়েছে ৫২ হাজার ৪৮৫ কোটি ৬৯ লাখ টাকা।

/এসএন