• ঢাকা
  • শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম


ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে চলছে উদ্যোক্তা মেলা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ মে ২০২৬ ৪:৪১ পিএম

ঈদুল আজহাকে সামনে রেখে বি এইচ বিজনেস ক্লাবের আয়োজনে রাজধানীর বনশ্রীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা। ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বনশ্রী সি ব্লকের ব্লু অলিভ রেস্টুরেন্টে গতকাল রোববার (১০ মে) থেকে মেলাটি শুরু হয়। চলবে ১২ মে পর্যন্ত।

আয়োজকেরা জানান, ঈদ উপলক্ষে ফ্যাশন, কসমেটিকস, জুয়েলারি, শিশুদের পণ্য, হোম ডেকোর, স্কিন কেয়ার, বিদেশি কসমেটিকস ও জেন্টস আইটেমসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে অংশ নিয়েছেন ত্রিশের বেশি উদ্যোক্তা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে সবার জন্য উন্মুক্ত থাকছে মেলা।

দ্য নিউ বিউটি হ্যাভেন নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদৌস জান্নাত। তাঁর উদ্যোগে ২০২২ সালে গড়ে উঠেছে বিএইচ বিজনেস ক্লাব। সেই থেকে নিয়মিতভাবে উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করে আসছে সংগঠনটি। জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন, ‘উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং সরাসরি ক্রেতাদের সঙ্গে সংযোগ তৈরির সুযোগ করে দিচ্ছি আমরা। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এটি আত্মবিশ্বাস তৈরির একটি কার্যকর ক্ষেত্র হয়ে উঠেছে আমাদের এই ক্লাব।’

তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্তে মার্কেট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতাদের ভরসার জায়গা হয়ে উঠেছে রাজধানীতে আয়োজিত মেলাগুলো।

গতকাল রোববার মেলায় গিয়ে দেখা যায়, বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দা ও ক্রেতাদের মধ্যেও দেখা গেছে ব্যাপক আগ্রহ। দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় ছাড়সহ ফ্রি মেহেদী অফার ও বিভিন্ন উপহার। ফলে কেনাকাটার পাশাপাশি পারিবারিক বিনোদনের পরিবেশও তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ সফট স্কিল ট্রেইনার তুষার হাসান হৃদয়। তিনি বলেন, ‘মেলায় এসে উদ্যোক্তাদের সঙ্গে দেখা করতে পেরে ভালো লাগছে। তাঁদের পথচলায় সঙ্গী হতে পেরে ভালো লাগছে। উদ্যোক্তারা বিশেষ করে নারী উদ্যোক্তাদের পাশে সবসময় থাকব।’

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে ছিলেন রন্ধনশিল্পী হাসিনা আনসার, ফারজানা বুটিকসের প্রতিষ্ঠাতা ফারজানা আফরিন, দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মো. নুর হাকিম এবং ঋক্ষশৈলীর সভাপতি সুলতানা পারভিন মুক্তা এবং সাবা’স গ্যালারির স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম সাবা। এছাড়াও জনপ্রিয় মডেল ও ব্রান্ড প্রমোটাররাও মেলায় আলো ছড়িয়েছেন। উদ্যোক্তাদের এগিয়ে চলার পথে সবসময় যেকোনোভাবে পাশে থাকবেন বলে জানান তাঁরা।

মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, ক্রেতাদের কাছে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পাওয়া যায়। এতে পরিচিতি ও বিক্রি বাড়ছে। এজন্য অনলাইনে বিক্রির পাশাপাশি এসব মেলায় অংশগ্রহণ করছেন তাঁরা। আর মার্কেট দ্রুত বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই মেলায় আসছে।

ঈদুল আজহাকে ঘিরে আয়োজিত এই তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলায় বেচাকেনা ভালো হবে বলে আশা করছেন অংশগ্রহণকারীরা।

বি এইচ বিজনেস ক্লাবের প্রধান নির্বাহী জান্নাতুল ফেরদৌস জান্নাত বলেন, ‘এক ছাদের নিচে এত ধরনের পণ্য একসঙ্গে পাওয়ার সুযোগটাই ক্রেতাদের আকৃষ্ট করছে। আর আমরা চাই, তরুণ ও নারী উদ্যোক্তারা কম খরচে নিজেদের ব্র্যান্ড মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাক। উদ্যোক্তা হওয়া শুধু ব্যবসা নয়, এটি আত্মবিশ্বাস ও নিজের পরিচয় তৈরি করারও একটি পথ।’

মেলার বাইরে নিয়মিত প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আয়োজনও করে থাকে সংগঠনটি। সেখানে অনলাইন ব্যবসা পরিচালনা, পণ্যের ফটোগ্রাফি ও বাজারজাতকরণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।