দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিশ্ববাজার ও স্থানীয় বাজারে তেজাবি (বিশুদ্ধ) স্বর্ণের দাম কমে যাওয়ায় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা।
বাজুস জানায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে এবং আজ রোববার (২৬ এপ্রিল) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা কমে এখন ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম মোট ৫৬ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩২ বার বেড়েছে এবং ২৪ বার কমেছে। একই সময়ে রুপার দাম ৩৫ বার সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ এপ্রিল স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তবে মাত্র এক সপ্তাহের ব্যবধানে নতুন করে দাম কমানোর এই সিদ্ধান্তে বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।