সাজিয়ে রাখা স্বর্ণের গহনা
বিশ্ববাজারে স্বর্ণের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। একই সময়ে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে এবং ডলারের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭৮০ ডলার ৯০ সেন্টে, যা আগের দিনের তুলনায় প্রায় ০.৭ শতাংশ কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে জুনে সরবরাহের চুক্তিতে সোনার দাম ১.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৮১২ ডলার ৬০ সেন্টে নেমে এসেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধি এবং নৌপথ বন্ধের ঘোষণার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাবে বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতির আশঙ্কা আরও জোরালো হয়েছে।
সাধারণত মূল্যস্ফীতি বাড়লে স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয় এবং এর চাহিদা বাড়ে। তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে ডলারকে বেশি নিরাপদ মনে করছেন। ফলে স্বর্ণের দাম কমলেও ডলারের বিনিময় হার ঊর্ধ্বমুখী রয়েছে।