রাজবাড়ীর পাংশা উপজেলায় এক ব্যতিক্রমী ঘটনার জন্ম দিয়েছে একটি অসুস্থ বুনো হনুমান। চিকিৎসার আশায় প্রাণীটি নিজেই একটি বেসরকারি ক্লিনিকে এসে উপস্থিত হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার হামিদা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা।
প্রত্যক্ষদর্শী সৈয়দ মেহেদী হাসান জানান, দুপুরের দিকে দুর্বল ও অসুস্থ অবস্থায় হনুমানটি ক্লিনিকের ভেতরে ঢুকে পড়ে। কিছু সময় এদিক-সেদিক ঘোরাঘুরির পর প্রাণীটি শান্তভাবে বসে থাকে। বিষয়টি নজরে এলে ক্লিনিকের চিকিৎসক ও কর্মচারীরা হনুমানটির প্রতি সহানুভূতি দেখান এবং তার শারীরিক অবস্থা প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ক্লিনিকে ভিড় করেন। অনেকের ধারণা, অসুস্থতা এবং খাদ্যের সন্ধানেই হনুমানটি লোকালয়ে চলে এসেছে। উপস্থিত লোকজনের কেউ কলা, কেউ রুটি, আবার কেউ ডাব কেটে প্রাণীটিকে খেতে দেন।
পাংশা উপজেলা বন কর্মকর্তা আজিজুল হক জানান, হনুমানটিকে আটক করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাণীটিকে রাখার জন্য একটি খাঁচা তৈরির ব্যবস্থা করা হয়েছে। খাঁচা প্রস্তুত হলে তাকে রাজবাড়ীতে নিয়ে যাওয়া হবে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজবাড়ী জেলা সহকারী বন সংরক্ষক সানজিদা সুলতানা বলেন, খবর পাওয়ার পর বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। ইতোমধ্যে বন বিভাগের ওয়্যারলেস টিমকেও অবহিত করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে অসুস্থ হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এর আগেও একই হনুমান অসুস্থ অবস্থায় একটি ক্লিনিকে ঢুকে পড়েছিল। তখন বন বিভাগের কর্মকর্তারা প্রাণীটিকে আটক করার চেষ্টা করলেও সেটি পালিয়ে যেতে সক্ষম হয়েছিল।
/এসএন