• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০১:৪৭ এএম


নিখোঁজ নাটকের আড়ালে জোড়া হ’ত্যাকাণ্ড, দুই বছর পর উদ্ধার সৎ মা ও ছেলের ক’ঙ্কাল

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ মে ২০২৬ ৫:০৫ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ঘটনার আড়ালে লুকিয়ে ছিল ভয়াবহ জোড়া হত্যাকাণ্ডের ঘটনা। প্রায় দুই বছর পর বাড়ির পুকুর খনন করে উদ্ধার করা হয়েছে এক নারী ও তার শিশুপুত্রের কঙ্কাল। এ ঘটনায় নিহত নারীর দুই সৎ ছেলে ও এক নাতিকে গ্রেপ্তার করেছে সিআইডি।

নিহতরা হলেন কমলা বেগম (৩২) ও তার ছেলে নোমান (৯)। কমলা বেগম ছিলেন আবুল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর তিনি সৎ সন্তানদের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। তবে সম্পত্তি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালের জানুয়ারিতে কমলা বেগম ও তার শিশুপুত্রকে হত্যা করা হয়। পরে মরদেহ দুটি বিবস্ত্র অবস্থায় বাড়ির পুকুরে মাটিচাপা দিয়ে গুম করা হয়।

ঘটনার দুই মাস পর, ২০২৪ সালের ১০ মার্চ নিহত কমলার সৎ ছেলে জিয়াউর রহমান সাগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সেখানে তিনি দাবি করেন, তার সৎ মা নিখোঁজ রয়েছেন।

তবে বিষয়টি সন্দেহজনক মনে করে কমলা বেগমের বোন রহিমা বেগম আদালতে পিটিশন মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করে।

দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে সিআইডি জিয়াউর রহমান সাগর, রাজু ও নাতি টিপুকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে রোববার বাড়ির পুকুরে ভেকু মেশিন দিয়ে খনন চালানো হয়। এ সময় সেখান থেকে মা ও ছেলের কঙ্কাল উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে পুকুর থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

/এসএন