নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাত ভাইয়ের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিজান মিয়া ওই গ্রামের সফুর উদ্দিনের ছেলে। তিনি বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন।এ ঘটনায় অভিযুক্ত হয়েছেন একই এলাকার সুন্দর আলীর ছেলে শহীদুল্লাহ (৬৫), যিনি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন তার ছেলে জীবন মিয়াও।নিহতের স্বজনদের ভাষ্য, মিজান মিয়া ও তার চাচা শহীদুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে একটি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।শনিবার দুপুরে ওই রাস্তার ওপর থাকা একটি গাছ কাটতে গেলে মিজান ও শহীদুল্লাহর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শহীদুল্লাহর ছেলে জীবন লাঠি দিয়ে মিজানের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় মিজান মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. খন্দকার আনিসুর রহমান জানান, মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা-ভাতিজার মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/বিএসএস