• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ এএম


সুনামগঞ্জে হাওরে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকা ডুবি, চারজনের খোঁজ নেই

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ আগস্ট ২০২৬ ৫:১৭ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কীর্তন অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে ‘মাইয়ার হাওরে’ অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে পার্শ্ববর্তী কেশবপুর গ্রামে হরিনাম সংকীর্তন শেষে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন—অরুণ দেবনাথ (৪৫), অধির দেবনাথ (৫০), হেমেন্ড দেবনাথ (৫৫) এবং সতীন্দ্র দেবনাথ (৫২)। তারা সবাই ভবানীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝোড়ো বাতাসের পাশাপাশি নৌকাটিতে অতিরিক্ত যাত্রী বহন করায় এটি হাওরের মধ্যে ডুবে যায়। দুর্ঘটনার পর নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে চারজন নিখোঁজ হন।

শনিবার সকালে জগন্নাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেন।

জগন্নাথপুর থানার ডিউটি অফিসার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। তবে ঠিক কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলা সম্ভব হয়নি।

/এসএন