লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আট বছর বয়সী শিশু আব্দুর রহমান কুরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। মাত্র এক বছরেরও কম সময়ে ৩০ পারা কুরআন মুখস্ত করে সে এই সাফল্য অর্জন করেছে।
আব্দুর রহমান কমলনগর উপজেলার করুনানগর এলাকার কৃষক আবুল কালামের ছেলে। বর্তমানে সে হাজিরহাট আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফজ বিভাগের শিক্ষার্থী।
নিজের অনুভূতি জানিয়ে আব্দুর রহমান বলে, তার বাবার স্বপ্ন ছিল তাকে হাফেজ বানানোর। সেই লক্ষ্যেই তাকে মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করা হয়। বাবার স্বপ্ন পূরণে সে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে এবং শিক্ষকরাও তাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। ভবিষ্যতে একজন বড় আলেম হতে সবার কাছে দোয়া চেয়েছে সে।
পরিবার ও মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৬ সালের জানুয়ারি মাসে আব্দুর রহমান আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের হিফজ বিভাগে ভর্তি হয়। এর আগে অন্য একটি মাদ্রাসার হিফজ বিভাগে প্রায় ছয় মাস অধ্যয়ন করে সে ১৫ পারা কুরআন মুখস্ত করেছিল। পরে তাকে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটে ভর্তি করানো হলে সেখানে বাকি ১৫ পারা মুখস্ত সম্পন্ন করে। সব মিলিয়ে এক বছরেরও কম সময়ে সে সম্পূর্ণ কুরআন হিফজ করতে সক্ষম হয়।
আব্দুর রহমানের বাবা আবুল কালাম বলেন, তার দুই ছেলেকে হাফেজ বানানোর স্বপ্ন ছিল। তবে বড় ছেলে সাধারণ শিক্ষায় পড়াশোনা করায় সেই স্বপ্ন পূরণ হয়নি। ছোট ছেলে হাফেজ হওয়ায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, ছেলে ভবিষ্যতে একজন ভালো মানুষ ও একজন বড় আলেম হবে।
আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটের অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, মাত্র আট বছর বয়সে তাদের মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহমান কুরআনের হাফেজ হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। তিনি জানান, আব্দুর রহমান অত্যন্ত নম্র, ভদ্র ও পরিশ্রমী। তার জন্য দোয়া করে তিনি বলেন, আল্লাহ যেন তাকে সারাজীবন কুরআনের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করেন।
/এসএন