পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু সেই বাড়ি ফেরার যাত্রাই শেষ পর্যন্ত পরিণত হলো মৃত্যুর মিছিলে। ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন— নওগাঁর মান্দা উপজেলার রাজেন্দ্র বাড়ি এলাকার সাগর মিয়া ও রবিউল ইসলাম, রাজশাহীর তানোর উপজেলার ইসমাইল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল ও মামুন এবং নওগাঁর নিয়ামতপুর মালঞ্চী এলাকার সারিকুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রডবোঝাই ট্রাকটিতে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হয়েছিল গাড়িটি। পথে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন মারা যান।
দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা রাব্বানি জানান, তারা চট্টগ্রামের অলংকার এলাকা থেকে সন্ধ্যায় যাত্রা শুরু করেছিলেন। ট্রাকে থাকা কেউ ঘুমিয়ে ছিলেন, আবার কেউ জেগে ছিলেন। দুর্ঘটনার সময় তিনি ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান। তবে তার চাচা, চাচাতো ভাই ও বন্ধুরা নিহত হয়েছেন। তিনি হকারের কাজ করতেন এবং ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
স্থানীয় বাসিন্দা বুলবুল সরকার বলেন, বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে ছুটে যান। একসঙ্গে এত মানুষের মৃত্যু এর আগে তিনি কখনো দেখেননি বলেও জানান।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, নিহতরা সবাই উত্তরবঙ্গগামী যাত্রী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি খাদে পড়ে যায়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
/এসএন