সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৫ মে) সহপাঠীদের সঙ্গে বিভাগীয় ট্যুরে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
নিখোঁজ শিক্ষার্থীর নাম শান্ত বণিক। তিনি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের পিএমই বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী সোহেল রানা জানান, তারা তখন অন্য একটি স্থানে অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে জানতে পারেন, শান্তসহ তিনজন একসঙ্গে জিরো পয়েন্টের সামনের দিকে পানিতে নেমেছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, অন্য দুইজন নিরাপদে তীরে উঠতে পারলেও শান্ত পানির প্রবল স্রোতে তলিয়ে যান এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন।
সোহেল রানা আরও বলেন, শান্ত নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পার হয়ে গেলেও তখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা প্রশাসনের কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়নি। স্থানীয় ডুবুরিরা নিজ উদ্যোগে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে বিছনাকান্দি টুরিস্ট পুলিশের ক্যাম্প ইনচার্জ মো. ফারুক বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে তারা ঘটনাটি জানতে পারেন। এরপর সিলেট থেকে ডুবুরি দল রওনা দেয়। সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত দলটি ঘটনাস্থলে পৌঁছায়নি, তবে ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছিল।
তিনি আরও জানান, ঘটনাস্থলটি ভারত-বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড সংলগ্ন একটি জলাশয়। স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা চালালেও এখন পর্যন্ত সফল হননি। ডুবুরি দল পৌঁছানোর পর আনুষ্ঠানিক উদ্ধার অভিযান শুরু হবে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই জেলা পরিষদ থেকে ডুবুরি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে, যিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
তিনি বলেন, স্থানীয় ডুবুরিদের মাধ্যমে দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে এবং জেলা প্রশাসনের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
/এসএন