• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৫০ এএম


রাজবাড়ীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃ/ত্যু

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৫ মে ২০২৬ ৮:২২ পিএম

রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুরী গ্রামে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত কিশোরের নাম রোমান সরদার (১৩)। তিনি বাড়াইজুরী গ্রামের বাসিন্দা নাছির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে রোমান ছিল পরিবারের সবার ছোট।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল প্রায় ৯টার দিকে বাড়ির পাশে একটি আমগাছে ওঠে রোমান। গাছটি খুব বেশি বড় ছিল না, উচ্চতা আনুমানিক ১২ থেকে ১৫ ফুট। আম পাড়ার একপর্যায়ে অসাবধানতাবশত গাছের মগডাল ভেঙে গেলে নিচে পড়ে যায় সে।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

রোমানের চাচা সোহেল রানা বলেন, “এভাবে মারা যাওয়ার বিষয়টি ভাবতেই পারছি না। আমগাছটিও খুব বেশি বড় ছিল না।”

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দনী ইউনিয়নের ইউপি সদস্য মো. নায়েব আলী। তিনি বলেন, “আমগাছের ডাল ভেঙে নিচে পড়ে একটি শিশু মারা গেছে। মাটিতে পড়ার সময় তার ঘাড়ে গুরুতর আঘাত লাগে।”

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় গভীর শোক বিরাজ করছে।

/এসএন