মাদারীপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে আটক হওয়ার সময় প্রমাণ নষ্ট করতে ৩১ পিস ইয়াবা গিলে ফেলেছেন সোহাগ ফকির (৩৫) নামে এক ব্যক্তি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৩ মে) রাতে সদর উপজেলার রাস্তি এলাকায় অভিযান চালিয়ে সোহাগ ফকিরকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। তিনি পশ্চিম রাস্তি এলাকার মোফাজ্জেল ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানের সময় সোহাগকে আটক করা হলে তার কাছে থাকা ইয়াবাগুলো গিলে ফেলেন তিনি। কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়।
পরবর্তীতে তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার (১৪ মে) সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু নাঈম জানান, সোহাগের কাছে মোট ৫০ পিস ইয়াবা ছিল। তল্লাশির সময় ১৯ পিস উদ্ধার করা হয়। প্রথমদিকে জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা গেলার বিষয়টি অস্বীকার করেন।
পরে অসুস্থ হয়ে পড়লে তিনি স্বীকার করেন যে, বাকি ৩১ পিস ইয়াবা তিনি গিলে ফেলেছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
/এসএন