• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ এএম


রেললাইনে দাঁড়িয়ে টিকটক ভিডিও বানানোর সময় ট্রেনের নিচে প্রাণ গেল দুইজনের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ মে ২০২৬ ৪:৩৬ পিএম

গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, নিহত দুজন স্টেশনের পাশের রেললাইনে দাঁড়িয়ে টিকটকের জন্য ভিডিও তৈরি করছিলেন। এ সময় জয়দেবপুরগামী একটি ট্রেন দ্রুতগতিতে ওই লাইনের দিকে এগিয়ে আসে। আশপাশের লোকজন দূর থেকে তাদের সরে যেতে ডাকাডাকি করলেও তারা কোনো সাড়া দেননি।

একপর্যায়ে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।

জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. আবদুল কাইয়ুম জানান, নিহতদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৩৫ বছর।

তিনি আরও বলেন, রাতেই মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

টিকটকের ভিডিও করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে কি না—এমন প্রশ্নের জবাবে রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

/এসএন