• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৩:০৯ পিএম


পটুয়াখালির বাউফলে ঢাকাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৪ মে ২০২৬ ১১:০১ এএম

পটুয়াখালীর বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসের এক স্টাফ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাউফল-ঢাকা মহাসড়কের আফসার গ্যারেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দশমিনা উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘বাউফল ট্রাভেলস’ নামের একটি বাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক স্টাফ নিহত হন। দুর্ঘটনায় তার শরীরের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

বাসটিতে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আহত ১০ জনের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ওয়াহিদুজ্জামান স্বপন জানান, বাসটির নিচে অতিরিক্ত মালামাল থাকায় ভারসাম্য হারানোর সম্ভাবনা ছিল। এছাড়া চালক মোবাইলে কথা বলছিলেন এবং গাড়ির গতিও বেশি ছিল বলে যাত্রীদের কাছ থেকে জানা গেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

/এএসএফ