সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ আটজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমা এলাকার তেলিবাজারে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে ১০-১২ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। একই সময় চট্টগ্রাম থেকে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে তেলিবাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরিচয় শনাক্তের কাজ চলছে।দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।এর আগে ২০২৩ সালে ঢাকা–সিলেট মহাসড়কের নাজিরবাজার এলাকায় একই ধরনের সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক নিহত হন।
/বিএসএস