ফজরের নামাজ আদায় করে প্রাতঃভ্রমণে বেরিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হরিপুর মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম (৬২) দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। তাঁর স্ত্রী ঝরনা বেগমের বয়স ৪৮ বছর।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে সকালে হাঁটতে বের হয়েছিলেন নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী ঝরনা বেগম। একপর্যায়ে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হরিপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে দুজনই গুরুতর আহত হন এবং সড়কের পাশে ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা তাঁরা সড়কের পাশে পড়ে ছিলেন। পরে অন্য পথচারীরা তাঁদের সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। এরপর স্বজনেরা তাঁদের মরদেহ বাড়িতে নিয়ে যান।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস জানান, অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন। মহাসড়কে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুর্ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা করা হবে।
/এসএন