• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম


সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ অক্টোবর ২০২৬ ৩:০৬ পিএম

ওমরাহ পালন শেষে দেশে ফেরার কথা থাকলেও সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার কারণে আটকা পড়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার ৫০ জন ওমরাহযাত্রী। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে তারা বিমানবন্দরে আটকে রয়েছেন।আটকে পড়া যাত্রীদের মধ্যে নারী, পুরুষ ও শিশুর পাশাপাশি বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিও রয়েছেন। তাদের দেশে ফেরার অনিশ্চয়তার পাশাপাশি আবাসন সংকটও দেখা দিয়েছে।মোয়াল্লেম মোহাম্মদ আবু রায়হান জানান, ওমরাহ পালন শেষে ৫০ জনের মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল। কিন্তু বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন ঘটায় তারা আটকা পড়েছেন। এরই মধ্যে হোটেলে থাকার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় তাদের আবাসন নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে।সাগর সরদার নামে এক ওমরাহযাত্রী জানান, তিনি তার মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। দেশে ফেরার প্রস্তুতির সময় বিমানবন্দরের ঘটনার কারণে তারা আটকা পড়েছেন। পর্যাপ্ত থাকার ব্যবস্থা না থাকায় পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন তিনি।ইসমাইল হোসেন নামে আরেক যাত্রী জানান, আটকে পড়া প্রবীণ যাত্রীদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। নতুন করে আবাসনের ব্যবস্থা করাও কঠিন হয়ে উঠেছে। দেশে ফেরার অনিশ্চয়তায় যাত্রীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ৮২টি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে। এর মধ্যে ৩২টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। এতে প্রায় ১৩ হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বেবিচক।অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে।ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব জানান, পাবনা জেলা প্রশাসনের মাধ্যমে আটকে পড়া ওমরাহযাত্রীদের বিষয়ে খোঁজখবর রাখা হচ্ছে। শিগগিরই এ সংকটের সমাধান হবে এবং যাত্রীরা নিরাপদে দেশে ফিরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

/বিএসএস