• ঢাকা
  • শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম


কুড়িগ্রাম জেলা প্রশাসনের ছাদে ৭২ সৌর প্যানেল, বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৯ অক্টোবর ২০২৬ ৮:২৩ এএম

সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পথে যাত্রা শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে প্রায় ৪৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ৭২টি সৌর প্যানেল স্থাপন করে অনগ্রিড ব্যবস্থায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জেলা প্রশাসনের ফেসবুক পেজ ‘ডিসি কুড়িগ্রাম’-এ ছবি দিয়ে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের নেজারত শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাইফুদ্দীন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

‘ডিসি কুড়িগ্রাম’ ফেসবুক পেজের পোস্টে বলা হয়, সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে ৪৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে সৌরশক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ।

এনডিসি সাইফুদ্দীন জানান, বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। ‘র‌্যানকন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান সৌর প্যানেল স্থাপনের কার্যাদেশ পায়। গত ২৬ সেপ্টেম্বর কাজ শেষ হয়। পরে ১ অক্টোবর থেকে সিস্টেমটি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।

তিনি বলেন, নেট মিটারিংয়ের মাধ্যমে প্রতি ঘণ্টায় প্রায় ৪৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম এই সিস্টেম স্থাপনে ব্যয় হয়েছে প্রায় ২০ লাখ ৩৪ হাজার টাকা। এতে ৭২টি সৌর প্যানেলের সঙ্গে দুটি অনগ্রিড ইনভার্টার যুক্ত করা হয়েছে। ইনভার্টারগুলোতে ইন্টারনেট সংযোগের সুবিধাও রয়েছে।

সিস্টেমটি থেকে উৎপাদিত বিদ্যুৎ নিয়মিত জাতীয় গ্রিডে যুক্ত হবে। তবে সূর্যালোকের তীব্রতা ও প্রাপ্যতার ওপর নির্ভর করে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কমবেশি হতে পারে বলে জানান তিনি।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, জেলা প্রশাসনের ছাদে স্থাপিত অনগ্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে দিনের পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদন হবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

তিনি জানান, জেলা প্রশাসনের নিজস্ব ব্যবহারের জন্য বিদ্যুৎ বিভাগ থেকে ৮০ কিলোওয়াট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রয়েছে। নেট মিটারিং পদ্ধতিতে সৌর প্যানেল থেকে মোট যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে, তা জেলা প্রশাসনের মোট বিদ্যুৎ ব্যবহারের হিসাব থেকে বাদ দেওয়া হবে। মাস শেষে এ হিসাব অনুযায়ী বিদ্যুৎ বিল নির্ধারণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ৪৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপনের কাজ শেষ হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।

তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্ত ও প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া গেলে ভবিষ্যতে রুফটপ সোলার প্যানেলের সংখ্যা বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ বাড়ানো হবে।

/এএসএফ