• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম


চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনামূল্যে ভ্রমণের সুযোগ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১ অক্টোবর ২০২৬ ৫:১৮ পিএম

চলন্ত বাসে শিশুর জন্ম, আজীবন বিনামূল্যে ভ্রমণের সুযোগঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারীগামী ‘আনাস এন্টারপ্রাইজ’-এর একটি চলন্ত বাসে এক ছেলেসন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮) নামের এক নারী। বাসের নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। একই সঙ্গে বাস কর্তৃপক্ষ শিশুটির জন্য আজীবন এবং শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মায়ের জন্য বিনামূল্যে বাসে যাতায়াতের ঘোষণা দিয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রসূতির বাড়িতে গিয়ে উপহারসামগ্রী পৌঁছে দেন বাসটির সুপারভাইজার মজনু মিয়া। এর আগে গত শনিবার ভোররাতে রংপুরের মিঠাপুকুর এলাকায় চলন্ত বাসের ভেতর শিশুটির জন্ম হয়।স্বজনরা জানান, অন্তঃসত্ত্বা আবিদা বেগমকে নিয়ে তার পরিবার ঢাকা থেকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের উদ্দেশে রওনা হয়। টিকিট কাটার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, সন্তান প্রসবের আরও প্রায় ২০ দিন বাকি।তবে বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে ভোররাত ৩টার দিকে আবিদা বেগমের প্রসববেদনা ওঠে। এ সময় বাসে থাকা এক অভিজ্ঞ ধাত্রীর সহায়তায় বাসটি থামিয়ে নিরাপদে তার সন্তান প্রসব করানো হয়।শিশুটির জন্মের পর মা ও নবজাতক দুজনেই সুস্থ থাকায় বাসের সুপারভাইজার অন্য যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।ঘটনাটি জানতে পেরে ‘আনাস এন্টারপ্রাইজ’-এর মালিক আলহাজ দিপু শিশুটির পরিবারকে বিশেষ উপহার দেওয়ার ব্যবস্থা করেন। বুধবার দুপুরে বাসের সুপারভাইজার মজনু মিয়া হাতীবান্ধায় প্রসূতির বাড়িতে গিয়ে নবজাতকের জন্য দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনীসহ বিভিন্ন উপহারসামগ্রী পৌঁছে দেন।সুপারভাইজার মজনু মিয়া বলেন, ঘটনাটি ভোররাতে ঘটে। মা ও শিশু দুজনেই সুস্থ ছিলেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি মালিককে জানানো হলে তিনি অত্যন্ত খুশি হন। এরপর তিনি শিশুটির জন্য আজীবন এবং শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মায়ের জন্য বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা দেন।প্রসূতির বাবা আবেদ আলী জানান, চিকিৎসকের হিসাব অনুযায়ী সন্তান প্রসবের আরও ২০ দিন বাকি ছিল। তাই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। আল্লাহর অশেষ রহমতে বাসের ভেতরই তার নাতির জন্ম হয়েছে। মা ও ছেলে দুজনই বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন।তিনি বলেন, বাসে জন্ম নেওয়ায় ভালোবেসে নাতির নাম ‘আনাস হাসান’ রাখা হয়েছে।ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। বর্তমানে প্রসূতি আবিদা বেগম ও নবজাতক আনাস হাসান দুজনই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

/বিএসএস