জামালপুরে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা রডবোঝাই একটি ট্রাকে পেছন থেকে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একেএম ছামিউল হক জামালপুর জজ আদালতের ইসলামপুর আদালতে সহকারী জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক সচিব ফজলুল হকের ছেলে। তার বাসা ঢাকার লালমাটিয়ায়। দুর্ঘটনার সময় তিনি প্রাইভেটকারে করে লালমাটিয়া থেকে জামালপুরে ফিরছিলেন।
পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ার পর চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সহকারী জজ একেএম ছামিউল হক নিহত হন। দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে তারা নিহতের লাশ উদ্ধার করেন। গুরুতর আহত প্রাইভেটকারের চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে।
/এসএন