• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম


দীর্ঘ বিরতির পর সিলেটে নতুন করে করোনা রোগী শনাক্ত

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৩:৪৩ পিএম

দীর্ঘ প্রায় ১৪ মাস পর সিলেটে আবারও করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তির বয়স ৫৫ বছর। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। বর্তমানে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৯ আগস্ট) রাতে বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান।

তিনি জানান, হৃদরোগের চিকিৎসা নিতে ওই ব্যক্তি সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে তার এনজিওগ্রাম করার পাশাপাশি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট (আরএটি) করা হয়। পরীক্ষার ফলাফলে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, এর আগে গত বছরের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। এরপর প্রায় ১৪ মাস ধরে সিলেটে নতুন করে করোনা শনাক্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। দীর্ঘ এই বিরতির পর এবার আবারও একজনের শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেল।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ২০১৯ সালের শেষ দিকে শুরু হলেও ২০২০ সালে সিলেটেও এর ব্যাপক বিস্তার ঘটে। ওই বছরের ৫ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। সেদিন মারা যান সিলেটের চিকিৎসক ডা. মঈন উদ্দিন। এরপর ধীরে ধীরে পুরো সিলেটজুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

২০২১ সালে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সিলেটেও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। সে সময় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে। তবে ওই বছরের শেষদিকে ধীরে ধীরে সিলেটে করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করে।

সিলেট বিভাগে করোনাভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০০ ছাড়িয়েছে। বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড হয়েছে সিলেট জেলায়। বিভাগে করোনাভাইরাসে মোট মৃত্যুর প্রায় ৬০ থেকে ৭০ শতাংশের বেশি এই জেলাতেই হয়েছে।

/এসএন