• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম


জামিনে মুক্ত নেতাদের বরণ করতে গিয়ে পুলিশের হাতে আট/ক ৪ আওয়ামী কর্মী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১০ আগস্ট ২০২৬ ৩:৪২ পিএম

নোয়াখালী সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামিনে মুক্তি পাওয়া নেতা-কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে দলটির চার কর্মী আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। তিনি জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক চারজন আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুন জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রের দাবি, ওই কর্মসূচিতে প্রায় তিন হাজার নেতা-কর্মী অংশ নিয়েছিলেন। কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে কয়েকটি স্থানে বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে।

এসব ঘটনার পর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের মধ্য থেকে চারজন জামিনে মুক্তি পান। তাদের স্বাগত জানাতে দলটির কয়েকজন কর্মী ফুলের মালা নিয়ে নোয়াখালী জেলা কারাগারের ফটকের সামনে অবস্থান নেন। পরে সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।

সুধারাম মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা ফুলের মালা নিয়ে কারাগারে আসতে পারেন। তবে আটক চারজনের কাছে এক ব্যাগ ফুলের মালা ছিল এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয় নন। পুলিশ জানতে পেরেছে, তারা বিভিন্ন এলাকা থেকে এসে ছবি তুলে শোডাউন করতে চেয়েছিলেন।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

/এসএন