• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০০ এএম


মায়ের সম্পত্তির ভাগ না পেয়ে দাদা-দাদির ঘরে আ’গুন দিলো নাতি!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৭:৩৫ পিএম

সম্পত্তির হিস্যা দাবি করে তা না পেয়ে দাদা-দাদির থাকার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে গিটিস নকরেক নামে এক গারো যুবকের বিরুদ্ধে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পাহাড়ি জনপদ ধরাটি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ধরাটি গ্রামের বাসিন্দা এবং গিটিস নকরেকের আত্মীয় অবিনাশ নকরেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গারো সম্প্রদায়ের সাংস্কৃতিক রীতিতে পরিবারের সম্পত্তির মালিকানা মায়ের হাতে থাকে।

অবিনাশ নকরেক বলেন, গিটিসের মা শাপলী নকরেক এক ছেলে ও তিন মেয়ে রেখে প্রায় এক যুগ আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তার মেয়েরা সবাই ঢাকায় বসবাস করেন। আর বাড়িতে থাকেন গিটিসের বৃদ্ধ দাদা-দাদি সনেন্দ্র চিরান ও সীতা নকরেক।

গিটিস স্থানীয় একটি উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছিলেন। তবে নেশাগ্রস্ত হয়ে পড়ার কারণে তিনি পরীক্ষায় অংশ নেননি। কয়েক দিন ধরে তিনি মায়ের সম্পত্তির অংশ তার নামে লিখে দেওয়ার জন্য দাদা-দাদির ওপর চাপ দিয়ে আসছিলেন।

তবে গারো ভূমি আইন অনুযায়ী তিনি মায়ের সম্পত্তির অংশ পাবেন না বলে তাকে জানিয়ে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে রোববার ভোররাতে গিটিস দাদা-দাদিকে মারধর করে ঘর থেকে বের করে দিয়ে সেখানে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন অবিনাশ নকরেক।

আগুনে ঘরের ভেতরে থাকা ধান-চাল, কাপড়চোপড়, বাসনকোসন ও আসবাবপত্র পুড়ে যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে বলে জানা গেছে।

/এসএন